Tuesday , June 30 2026
Breaking News
২ ঘণ্টা অবরোধের পর জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক: লোডশেডিংয়ে ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ

২ ঘণ্টা অবরোধের পর জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক: লোডশেডিংয়ে ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ

জামালপুর, ২৯ জুন: টানা লোডশেডিং ও তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের পর স্থানীয় বিএনপি নেতাদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সোমবার (২৯ জুন) রাত ৮টার দিকে জামালপুরের শরিফপুর বাজার সংলগ্ন জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ক্ষুব্ধ এলাকাবাসী অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে চলা সীমাহীন লোডশেডিং এবং অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় শরিফপুর এলাকার শত শত বাসিন্দা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে যোগ দেন। তারা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন। এর ফলে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। এতে দূরপাল্লার যাত্রী, শিশু, বৃদ্ধ এবং পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রী তীব্র গরমে গাড়ির ভেতরে অস্বস্তিকর পরিস্থিতিতে আটকা পড়েন, বিশেষ করে রাতের বেলায় বিদ্যুৎবিহীন অবস্থায় তাদের দুর্ভোগ আরও বাড়ে।

বিক্ষোভকারীদের সাথে কথা বলে জানা যায়, তাদের এলাকায় দিনে-রাতে মিলিয়ে মাত্র দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকে। স্থানীয় বাসিন্দা রেজুয়ান আনসারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সামনে এইচএসসি পরীক্ষা, শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। তীব্র গরমে শিশু ও বৃদ্ধদের অনেক কষ্ট হচ্ছে। তাই বাধ্য হয়েই আমরা সড়কে নেমেছি।” আরেক বাসিন্দা মো. সোহেল মিয়া অভিযোগ করেন, “বারবার বিদ্যুৎ অফিসে অভিযোগ করেও কোনো স্থায়ী সমাধান পাইনি। দীর্ঘদিন ধরে এই দুর্ভোগ চলায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানাই।” শাহিন মিয়া নামের একজন আরও জানান, “রাতের পর রাত বিদ্যুৎ থাকে না। গরমে ঘুমানো যায় না, ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। আমরা কোনো ঝামেলা চাই না, শুধু নিয়মিত বিদ্যুৎ চাই।”

খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু করেন। জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি ও সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল হালিম জানান, সদর উপজেলার সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনের নির্দেশনায় তারা ঘটনাস্থলে আসেন। তারা বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। রাত প্রায় ১০টার দিকে স্থানীয়দের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় এবং মহাসড়ক থেকে গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা সরিয়ে ফেলা হয়।

পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং আটকে পড়া যানবাহনগুলো ধীরে ধীরে গন্তব্যের দিকে রওনা হয়। এ বিষয়ে জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি নেতাদের আশ্বাসে অবরোধকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।” লোডশেডিংয়ের এই সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জনজীবন স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এছাড়াও

এক ঘণ্টায় তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ ও আশপাশের অঞ্চল

এক ঘণ্টায় তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ ও আশপাশের অঞ্চল

ভোররাত থেকে সকালের মধ্যে বাংলাদেশের ভূখণ্ড এবং এর সীমান্তবর্তী অঞ্চলগুলোতে পরপর তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *