বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের কালজয়ী শিল্পকর্ম ‘দ্য স্টারি নাইট’ দীর্ঘকাল ধরে শিল্পপ্রেমীদের মুগ্ধ করার পাশাপাশি আধুনিক পদার্থবিদদেরও গভীর গবেষণার খোরাক জুগিয়ে আসছে। সাম্প্রতিক বৈজ্ঞানিক বিশ্লেষণগুলোতে দেখা গেছে, এই চিত্রকর্মের ব্রাশের সুক্ষ্ম আঁচড় এবং ঘূর্ণায়মান আলোর প্রবাহ নিছক কল্পনাপ্রসূত নয়; বরং এগুলো পদার্থবিজ্ঞানের বায়ুমণ্ডলীয় ‘টার্বুলেন্স’ বা অস্থির প্রবাহের জটিল গাণিতিক সূত্রের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায়। অথচ রুশ বিজ্ঞানী আন্দ্রেই কোলমোগোরভ যখন টার্বুলেন্সের গাণিতিক মডেল উপস্থাপন করেন, তার প্রায় বায়ান্ন বছর আগেই ক্যানভাসে এই রূপ ফুটিয়ে তুলেছিলেন ভ্যান গঘ। বিজ্ঞানীদের মতে, কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান ছাড়াই প্রকৃতির রূপ ফুটিয়ে তোলার এক অসাধারণ সহজাত ক্ষমতা ছিল তাঁর মধ্যে।
১৮৮৯ সালে ফ্রান্সের একটি স্যানাটোরিয়ামে চিকিৎসাধীন থাকার সময় এই মাস্টারপিসটি এঁকেছিলেন ভ্যান গঘ। সে সময় তাঁর মানসিক অবস্থা অত্যন্ত ভঙ্গুর ও অস্থির ছিল। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির পদার্থবিদ হোসে লুইস আরাগন এবং পরবর্তীতে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গবেষকদের গবেষণায় উঠে এসেছে যে, ভ্যান গঘের আঁকা তারার আলো ও আকাশের ঘূর্ণিগুলো শক্তির সুনির্দিষ্ট স্থানান্তরের প্রাকৃতিক নিয়ম মেনেই তৈরি। পদার্থবিদ অ্যাডাম ফ্র্যাঙ্ক এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন যে, ভ্যান গঘ যেন চিত্রকলার ভাষায় পদার্থবিদ্যা লিখে গেছেন। তবে প্রশ্ন উঠেছে, যিনি ককখনো পদার্থবিদ্যার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেননি, তিনি কীভাবে এমন একটি বৈজ্ঞানিক সত্য ফুটিয়ে তুললেন? বিশেষজ্ঞরা মনে করেন, এটি তাঁর মানসিক বিকারগ্রস্ততা এবং তীব্র আবেগের বহিঃপ্রকাশ হলেও, প্রকৃতির প্রতি তাঁর তীক্ষ্ণ ও নিখুঁত পর্যবেক্ষণের ক্ষমতা তাঁকে এই অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল।
ভ্যান গঘের জীবনাবসান এবং তাঁর ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি আজও শিল্প ইতিহাসবিদ ও গবেষকদের কাছে এক বড় রহস্য। নেদারল্যান্ডসে জন্ম নেওয়া এই শিল্পী ফ্রান্সে এসে পল গগাঁর সান্নিধ্যে আসেন এবং পরবর্তী সময়ে মানসিক অবসাদ ও তীব্র বিষণ্ণতার শিকার হন। নিজের কান কেটে ফেলার ঘটনা কিংবা পরবর্তীতে গমখেতে আত্মহত্যার পথ বেছে নেওয়ার পেছনে নানা মুনির নানা মত রয়েছে। ডাচ গবেষক পল অস্ট্রা এবং মার্টিন বেলির মতো লেখকদের মতে, ভাই থিওর বিয়ের খবর এবং আর্থিক অনিশ্চয়তা তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। যদিও জীবদ্দশায় তিনি কাঙ্ক্ষিত খ্যাতি ও আর্থিক সচ্ছলতা পাননি, তবে তাঁর দুই হাজারেরও বেশি শিল্পকর্ম আজ বিশ্বজুড়ে সমাদৃত। ‘দ্য স্টারি নাইট’ কেবল রাতের আকাশের কোনো সাধারণ ক্যানভাস নয়, বরং এটি মানব মনস্তত্ত্ব, একাকিত্ব এবং জটিল প্রাকৃতিক গতির এক অপূর্ব দৃশ্যগত অন্বেষণ হিসেবে টিকে রয়েছে।
শেষ বার্তা সময়ের শেষ বার্তা
