Saturday , August 1 2026
Breaking News
কোরআনে কাবার ঐশী সুরক্ষা: হস্তীবাহিনীর ঘটনা ও সুরা ফিলের তাৎপর্য

কোরআনে কাবার ঐশী সুরক্ষা: হস্তীবাহিনীর ঘটনা ও সুরা ফিলের তাৎপর্য

ইসলামের ইতিহাসে মক্কার পবিত্র কাবা ঘর রক্ষার এক অবিস্মরণীয় ঘটনা হলো আবরাহার হস্তীবাহিনীর আক্রমণ থেকে এর ঐশ্বরিক পরিত্রাণ। এই বহুল আলোচিত ঘটনাটি ‘আসহাবুল ফিল’ বা হস্তীবাহিনীর ঘটনা নামে সুপরিচিত। আধুনিককালের কিছু গবেষক এই ঘটনাটিকে নিছকই একটি লোককথা কিংবা কাবার ইতিহাস থেকে বিচ্ছিন্ন কোনো আঞ্চলিক সংঘাত হিসেবে প্রমাণ করার চেষ্টা করলেও, পবিত্র কোরআনে এর স্পষ্ট উল্লেখ সেই সংশয়কে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। কোরআনের বাক্যরীতি, বিষয়বস্তুর ধারাবাহিকতা এবং এর ব্যাকরণিক গঠন—যা ইসলামী পরিভাষায় ‘নজমে কোরআন’ নামে পরিচিত—এই ঘটনাটির সপক্ষে এত জোরালো প্রমাণ হাজির করে যে, একে অস্বীকার করলে কোরআনের সামগ্রিক সংহতিই ভেঙে পড়ে।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই ঘটনাকে কোনো সাধারণ খবরের মতো বর্ণনা না করে, সুরা ফিলের সূচনায় এক বিশেষ প্রশ্নবোধক বাক্যে উপস্থাপন করেছেন: “তুমি কি দেখোনি তোমার প্রতিপালক হস্তীবাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছিলেন?” (সুরা ফিল, আয়াত: ১)। আরবি সাহিত্যিক রীতি অনুযায়ী, এখানে ‘আলাম তারা’ (তুমি কি দেখোনি?) শব্দটি ‘তাকরিরি’ বা সুদৃঢ় প্রমাণের মাধ্যমে প্রথার স্বীকৃতি আদায়ের একটি বিশেষ পদ্ধতি। এটি কোনো নতুন বা অজানা তথ্য জানানোর জন্য ব্যবহৃত হয় না, বরং বোঝায় যে ঘটনাটি তৎকালীন সমাজের কাছে এতটাই সুপরিচিত ও স্বতঃসিদ্ধ ছিল যে এর আলাদা করে ব্যাখ্যার প্রয়োজন নেই। এটি যেন প্রশ্নকর্তার পক্ষ থেকে ঘটনার সত্যতার প্রতি শ্রোতার নীরব স্বীকৃতি আদায় করে নেয়।

ভারতের প্রখ্যাত কোরআন গবেষক ইমাম আবদুল হামিদ আল-ফারাহি এই বিষয়ে গভীর বিশ্লেষণ প্রদান করেছেন। তিনি লিখেছেন যে, কোরআনে হস্তীবাহিনী কারা ছিল, তারা কোথা থেকে এসেছিল বা কেন কাবা ধ্বংস করতে চেয়েছিল—এর বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। এর কারণ হলো, ঘটনাটি তৎকালীন আরব সমাজে এতটাই প্রশিদ্ধ ছিল যে, তারা এই ঘটনাকে কেন্দ্র করে তাদের ইতিহাস ও সন গণনা শুরু করে, যা ‘আমুল ফিল’ বা হস্তীবাহিনীর বছর নামে পরিচিতি লাভ করে। আরবি ভাষার অলঙ্কারপূর্ণ রীতি অনুযায়ী, যে বিষয় সর্বজনবিদিত, সে বিষয়ে সংক্ষেপে ইঙ্গিত করাই অধিকতর শোভন। ‘তুমি কি দেখোনি’ বাক্য দিয়ে শুরু করাই প্রমাণ করে যে তৎকালীন শ্রোতাদের কাছে এই ঘটনার সত্যতা নিয়ে সামান্যতম সন্দেহও ছিল না।

সুরা ফিল যখন অবতীর্ণ হয়, তখন মক্কার কাফেররা নবীজির সামান্যতম ভুল ধরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। যদি হস্তীবাহিনীর ঘটনাটি কাল্পনিক বা মিথ্যা হতো, তবে মক্কার কুরাইশরা তাৎক্ষণিকভাবে বলে উঠত যে, ‘এমন কোনো ঘটনা তো আমাদের বা আমাদের পূর্বপুরুষদের ইতিহাসে কখনো ঘটেনি!’ কিন্তু কাফেরদের মধ্য থেকে একজন ব্যক্তিও এই আয়াতের সত্যতা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। আরবি সাহিত্যের ধ্রুপদি পণ্ডিত আল-জাহিজও এই পর্যবেক্ষণের সমর্থন করেছেন। তিনি উল্লেখ করেন, কুরাইশরা নবীজিকে মিথ্যা প্রমাণ করার সুযোগ খুঁজছিল, কিন্তু এই আয়াতের বিরুদ্ধে তাদের নীরবতা প্রমাণ করে যে, ঘটনাটি তাদের স্বচক্ষে দেখা অথবা পূর্বপুরুষদের কাছ থেকে শোনা এক অকাট্য ঐতিহাসিক সত্য ছিল।

আয়াতের শব্দচয়নের দিকে লক্ষ্য করলে আরেকটি সূক্ষ্ম সত্য উন্মোচিত হয়। আল্লাহ তাআলা এখানে ‘ফাআলা রব্বুকা’ (তোমার প্রতিপালক কেমন আচরণ করেছিলেন) বলেছেন। লক্ষণীয় যে, হস্তীবাহিনীর ঘটনাটি ঘটেছিল নবীজির জন্মের বছরে, অর্থাৎ তাঁর নবুয়ত প্রাপ্তির বহু পূর্বে। কিন্তু বহু বছর পর অবতীর্ণ হওয়া আয়াতে আল্লাহ ‘তোমার প্রতিপালক’ বলে নবীজির সঙ্গে নিজের যে সম্পর্ক স্থাপন করেছেন, তা এক অনন্য তাৎপর্য বহন করে। এই কোরআনিক বাক্যের মাধ্যমে আল্লাহ মূলত দুটি ঐতিহাসিক সত্যকে এক সুতোয় গেঁথে দিয়েছেন: যে পরম সত্তা নবুয়তের পূর্বে কোনো সামরিক বাহিনী ছাড়াই শুধু আসমানি কৌশলে নিজের পবিত্র ঘর কাবাকে রক্ষা করেছিলেন, সেই একই ‘প্রতিপালক’ নবুয়তের পর তাঁর প্রেরিত সর্বশেষ নবী এবং তাঁর আনীত ইসলামকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন।

কোরআনের অভ্যন্তরীণ কাঠামোর সবচেয়ে শক্তিশালী প্রমাণ সুরা ফিল এবং এর ঠিক পরের সুরা ‘কুরাইশ’-এর মধ্যকার সুগভীর সম্পর্কেও ফুটে ওঠে। কোরআন কেবল আলাদা আলাদা সুরার সমাহার নয়, বরং এর সুরার ধারাবাহিকতা এক অলৌকিক শিকলের মতো গাঁথা। সুরা কুরাইশের সূচনায় আল্লাহ বলেন, “কুরাইশের অভ্যাসের খাতিরে—তাদের শীত ও গ্রীষ্মকালীন ভ্রমণের অভ্যাসের খাতিরে; সুতরাং তাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা।” (সুরা কুরাইশ, আয়াত: ১-৩)। ব্যাকরণগত দিক দিয়ে সুরা কুরাইশের শুরুতে ব্যবহৃত ‘লি’ (লি-ইলাফি) বর্ণটি একটি কারণ নির্দেশক হরফ, যা আগের কোনো ঘটনার ফলাফলকে নির্দেশ করে। অর্থাৎ, আল্লাহ আবরাহার বিশাল হস্তীবাহিনীকে অলৌকিকভাবে ধ্বংস করে কাবা ঘর রক্ষা করেছিলেন বলেই সমগ্র আরব উপদ্বীপে কাবার মর্যাদা ও কুরাইশ বংশের প্রভাব বহুগুণ বেড়ে গিয়েছিল।

এই ঐশী সুরক্ষার কারণে কোনো ডাকাত বা অন্য গোত্র কুরাইশদের বাণিজ্য কাফেলাকে আক্রমণ করার সাহস পেত না। ফলে কুরাইশরা শীতকালে ইয়েমেন এবং গ্রীষ্মকালে সিরিয়ায় নিরাপদে যাতায়াত ও বাণিজ্য পরিচালনা করার সুযোগ পেয়েছিল। কোরআনের এই ব্যাকরণিক যোগসূত্র প্রমাণ করে যে, সুরা ফিলের ঘটনা না ঘটলে সুরা কুরাইশের ‘নিরাপত্তা ও বাণিজ্য সুবিধা’ (ই-ইলাফ)-এর কোনো ঐতিহাসিক ভিত্তিই থাকে না। কোরআন একটি চার ধাপের সুনির্দিষ্ট যুক্তি তৈরি করেছে: আসমানি সুরক্ষা ➔ নিরাপত্তা ➔ অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ➔ প্রতিপালকের ইবাদতের আবশ্যকতা। এই চার ধাপের যেকোনো একটি বাদ দিলে বা হস্তীবাহিনীর ঘটনাকে অস্বীকার করলে পুরো সুরা কুরাইশের অর্থই পঙ্গু হয়ে যায়। এটিই হলো কোরআনের নিজস্ব অভ্যন্তরীণ সাক্ষ্য, যেখানে একটি আয়াত অন্য আয়াতের সত্যতার অকাট্য জামিন হিসেবে কাজ করে।

মিশরের বিশিষ্ট কোরআন গবেষক মুহাম্মদ আবদুল্লাহ দরাজ তাঁর বিখ্যাত গ্রন্থে কোরআনিক কাঠামোর এই বিস্ময়কর সম্পর্ককে মানবদেহের অঙ্গসংস্থানের (অ্যানাটমি) সঙ্গে তুলনা করেছেন। তিনি লিখেছেন, কোরআনের কোনো একটি ঘটনা বা সুরাকে বুঝতে হলে তাকে তিন স্তরে অনুধাবন করতে হয়: প্রথমত, আয়াতের নিজস্ব শব্দার্থ; দ্বিতীয়ত, একটি সুরার মধ্যকার বিভিন্ন বাক্যের পারস্পরিক সম্পর্ক; এবং তৃতীয়ত, পুরো কোরআনের সমস্ত সুরাকে একটি অখণ্ড দেহের বিভিন্ন অঙ্গ হিসেবে দেখা। যেভাবে একজন চিকিৎসক কোনো নির্দিষ্ট অঙ্গের কাজ বুঝতে পুরো মানবদেহের রক্ত সঞ্চালন ও স্নায়ুতন্ত্রের দিকে তাকান, ঠিক তেমনি সুরা ফিলের ঐতিহাসিক সত্যতা বুঝতে সুরা কুরাইশসহ পুরো কোরআনের বার্তা নিয়ে ভাবতে হয়। হস্তীবাহিনীর ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঐতিহাসিক রূপকথা নয়; বরং তা যদি মিথ্যা হতো, তবে পবিত্র কোরআনে কুরাইশদের নিরাপদ জীবনের বর্ণনা এবং মক্কার বায়তুল্লাহকে ‘নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে ঘোষণা করার সমস্ত বক্তব্যই অর্থহীন হয়ে পড়ত।

এছাড়াও

লিফটে উঠলে হঠাৎ ওজন বেড়ে বা কমে যাওয়ার বৈজ্ঞানিক রহস্য

লিফটে উঠলে হঠাৎ ওজন বেড়ে বা কমে যাওয়ার বৈজ্ঞানিক রহস্য

বহুতল ভবনের লিফটে ওঠার সময় অনেকেরই একটি অদ্ভুত অনুভূতি হয়। লিফট যখন হঠাৎ ওপরের দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *