আন্তর্জাতিক বিমান পরিবহন খাতে যাত্রীদের আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে বড় পদক্ষেপ নিয়েছে দুবাইভিত্তিক উড়োজাহাজ সংস্থা এমিরেটস। দূরপাল্লার ফ্লাইটে ইকোনমি শ্রেণির যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতের লক্ষ্য নিয়ে বিমান সংস্থাটি বিশ্বের প্রথম ‘ইউ-ড্রিম’ (U-Dream) হেডরেস্ট চালু করার ঘোষণা দিয়েছে। আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী নকশায় তৈরি এই সুবিধাটি ধাপে ধাপে তাদের বিমানবহরে যুক্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।
সাধারণত ইকোনমি ক্লাসে দীর্ঘ ভ্রমণের সময় ঘুম বা বিশ্রামের ক্ষেত্রে মাথা ও ঘাড়ে প্রচণ্ড অস্বস্তি অনুভূত হয়। যাত্রীদের এই বহুল পরিচিত সমস্যার সমাধানে ইউ-ড্রিম হেডরেস্টটি তৈরি করা হয়েছে বিশেষ প্রযুক্তি ও নিরাপত্তার কথা মাথায় রেখে। এভিয়েশন সিটিং প্রস্তুতকারক প্রতিষ্ঠান সাফরান সিটসের তৈরি জেড ফোরহান্ড্রেড সিটের অংশ হিসেবে এ হেডরেস্ট উদ্ভাবন করা হয়। উন্নতমানের প্যাডযুক্ত চামড়া দিয়ে মোড়ানো এই সিস্টেমে রয়েছে ভাঁজযোগ্য সাইড উইংস। এটি বিশ্রামের সময় যাত্রীর মাথা ও ঘাড়কে আলতোভাবে ধরে রাখে, ফলে ঘুমন্ত অবস্থায় মাথা পাশে বা সামনের দিকে হেলে পড়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। এছাড়া যাত্রীর শারীরিক গঠন ও উচ্চতা অনুযায়ী হেডরেস্টটি সহজে উপরে-নিচে ও প্রয়োজনমতো কাত করে মানিয়ে নেওয়ার সুবিধা রয়েছে।
এমিরেটস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ভ্রমণের আরাম নিশ্চিতের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসুরক্ষায় কোনো আপস করা হয়নি। ইউরোপীয় ইউনিয়ন অ্যাভিয়েশন সেফটি এজেন্সির (ইএএসএ) আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে এটি কঠোরভাবে পরীক্ষিত ও অনুমোদিত হয়েছে। পরীক্ষামূলক ব্যবহারে ইতোমধ্যে এটি যাত্রীদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছে। কেবিন ক্রুরা ফ্লাইটে এটি পরিচালনায় যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা করছেন। পাশাপাশি প্রতিটি ফ্লাইট শেষে চামড়ার তৈরি এই হেডরেস্ট খুব সহজেই পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
যাত্রীসেবার মানবৃদ্ধির এ প্রকল্পে উল্লেখযোগ্য আর্থিক বিনিয়োগ করেছে এমিরেটস। বর্তমানে সংস্থাটির বহরে থাকা তিনটি নতুন এয়ারবাস এ৩৫০ (A350) উড়োজাহাজে এই ইউ-ড্রিম হেডরেস্ট চালু করা হয়েছে। চলতি বছরের মধ্যেই সাফরান সিটসের সহযোগিতায় সবকটি এ৩৫০ উড়োজাহাজে এটি স্থাপনের প্রক্রিয়া সম্পন্ন হবে। এছাড়া নতুন অর্ডার করা ২৭০টি বোয়িং ৭৭৭এক্স (Boeing 777X) উড়োজাহাজে কারখানা থেকেই সরাসরি এই সুবিধা যুক্ত করা হবে। পরবর্তীতে ২০২৭ সাল থেকে বিদ্যমান এয়ারবাস এ৩৮০ এবং বোয়িং ৭৭৭ বহরের উড়োজাহাজগুলোতেও পুনর্বিন্যাসের মাধ্যমে পর্যায়ক্রমে ইউ-ড্রিম হেডরেস্ট যুক্ত করার পরিকল্পনা রয়েছে বিমান সংস্থাটির।
শেষ বার্তা সময়ের শেষ বার্তা
