নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও নারী প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল)- সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতা নতুন মাত্রা পেয়েছে। মিডিয়া স্বত্ব নিয়ে বিরোধের কারণে জনপ্রিয় এই দুই ক্রিকেট আসর দেখা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন দর্শকরা।
বিশেষ করে গাজী টিভির সহযোগী প্রতিষ্ঠান গ্রিন বিন স্পোর্টস মার্কেটিংকে কেন্দ্র করে বিরোধটি এখন আরও গভীর আকার ধারণ করেছে। স্বত্বধারী প্রতিষ্ঠান জিওস্টার এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু করেছে, যা দেশের ক্রীড়া সম্প্রচার খাতে আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি এএনআই ও গালফ নিউজ সূত্র জানায়, আইপিএলের টেলিভিশন সম্প্রচার স্বত্ব নিয়ে ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত একটি সাব-লাইসেন্স চুক্তি হয়েছিল। এই চুক্তির আওতায় গ্রিন বিন স্পোর্টস মার্কেটিং বাংলাদেশে আইপিএল সম্প্রচারের অধিকার পায়।
চুক্তি অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ মৌসুমে আইপিএলের সম্প্রচার সিগন্যাল যথাযথভাবে সরবরাহ করা হয় এবং বাংলাদেশে দর্শকরাও নির্বিঘ্নে খেলা উপভোগ করেন। তবে পরবর্তীতে চুক্তির শর্ত লঙ্ঘন এবং অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতা তৈরি হয়। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হয় গ্রিন বিন স্পোর্টস মার্কেটিং।
এর প্রেক্ষিতে ২০২৫ সালের জানুয়ারিতে জিওস্টার চুক্তিটি বাতিল করার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি নিজেদের স্বত্ব রক্ষায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করে। সর্বশেষ, বিষয়টি সমাধানের লক্ষ্যে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে, যেখানে চুক্তি লঙ্ঘনের বিষয়গুলো পর্যালোচনা করা হবে।
গালফ নিউজকে জিওস্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে জিওস্টার তাদের চুক্তিগত অধিকার প্রতিষ্ঠা এবং বিরোধ নিষ্পত্তির চেষ্টা করছে। একই সঙ্গে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও নারী প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) মিডিয়া স্বত্ব সুরক্ষায় তাদের অবস্থান আরও জোরালো করছে।
এই একই ধরনের অভিযোগ রয়েছে দেশের বেসরকারি ক্রীড়া সম্প্রচার প্রতিষ্ঠান টি-স্পোর্টসের মূল কোম্পানি এক্সেল লিড আইটি সল্যুশনস এর বিরুদ্ধেও। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, অর্থ পরিশোধে ব্যর্থতার অভিযোগে জিওস্টার বাংলাদেশে এক্সেল লিডের সঙ্গে করা সাব-লাইসেন্স চুক্তিও বাতিল করেছে।
শেষ বার্তা সময়ের শেষ বার্তা
