বর্তমানে দেশের আবাসন খাত নানাবিধ কাঠামোগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। রড, সিমেন্টসহ নির্মাণসামগ্রীর ক্রমাগত মূল্যবৃদ্ধি, নির্ধারিত সময়ে প্রকল্প হস্তান্তরে ব্যর্থতা এবং মানসম্মত কাজ নিয়ে ক্রেতাদের মনে ক্রমাগত উদ্বেগ বাড়ছে। বাজার পরিস্থিতির এমন জটিলতার মাঝেও চার দশকের বেশি সময় ধরে সততা, পেশাদারত্ব ও গুণগত মানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্রেতাদের আস্থা ধরে রেখেছে আবাসন খাতের অন্যতম সুপরিচিত প্রতিষ্ঠান দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল)।
প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয়েছিল ১৯৭৭ সালে, যখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গ্র্যাজুয়েট প্রকৌশলী মো. আবদুল আউয়াল দেশের অবকাঠামো খাতে ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন দেখেন। ১৯৮৩ সালে ব্যক্তিগত উদ্যোগে প্রথম কাজের সূচনা করেন এবং ১৯৮৭ সালে প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপ নেয়। শুরুতে বিভিন্ন সরকারি বৃহৎ অবকাঠামো, সেতু ও হাসপাতাল সফলতার সঙ্গে নির্মাণের পর ১৯৯৫ সাল থেকে আবাসন খাতে বাণিজ্যিকভাবে কাজ শুরু করে এসইএল। দীর্ঘ পথচলায় এ পর্যন্ত প্রতিষ্ঠানটি সফলভাবে ২৭৫টি আবাসন প্রকল্প সম্পন্ন করে গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আরও ৫৩টি আবাসিক প্রকল্পের কাজ পুরোদমে এগিয়ে চলছে।
আবাসন বাজারে যেখানে চটকদার প্রচারণা ও আক্রমণাত্মক ‘পুশ সেল’ কৌশল বহুল প্রচলিত, সেখানে এসইএল শুরু থেকেই ভিন্ন পন্থা গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটির দাবি, পণ্যের প্রকৃত মান নিশ্চিত করা এবং গ্রাহক সন্তুষ্টি অর্জন করাই তাদের মূল ব্যবসায়িক দর্শন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট’ (টিকিউএম) নীতিমালা কঠোরভাবে মেনে প্রতিটি প্রকল্প বাস্তবায়ন করা হয়। গুণগত মানের এই ধারাবাহিক প্রয়োগই প্রতিষ্ঠানটিকে আবাসন খাতে পৃথক উচ্চতায় নিয়ে গেছে।
নির্মাণশিল্পে কাঠামোগত নিরাপত্তা ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করা এসইএলের অন্যতম প্রধান অগ্রাধিকার। বিশেষ করে ভূ-কম্পন সহনশীল ভবন নকশা তৈরি এবং এর সঠিক প্রয়োগের ওপর জোর দেয়া হয়। প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে নিয়মিত কারিগরি গবেষণা ও আধুনিক প্রকৌশলগত নকশার বাস্তবায়ন ঘটছে। এছাড়া নির্মাণের প্রতিটি ধাপে সর্বোচ্চ মান ধরে রাখতে নিজস্ব ‘এসইএল রেডি মিক্স অ্যান্ড কংক্রিট প্রোডাক্টস’ ইউনিট থেকে উন্নতমানের কংক্রিট সরবরাহ নিশ্চিত করা হয়। পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণের অংশ হিসেবে নিজস্ব ইউনিটে ‘এসইএল কংক্রিট ব্লক’ তৈরি করা হচ্ছে।
এসইএলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুল আউয়ালের মতে, একটি ফ্ল্যাট বা ভবন কেবল ইট, কাঠ বা সিমেন্টের কোনো নিছক অবকাঠামো নয়; বরং এটি মানুষের জীবনের দীর্ঘদিনের স্বপ্ন, নিরাপত্তা ও স্থায়ী ঠিকানা। ফলে গুণগত মান, ব্যবসায়িক নৈতিকতা কিংবা গ্রাহকের আস্থার সঙ্গে আপস করার কোনো সুযোগ নেই। প্রতিটি প্রকল্পে নিরাপত্তা, সঠিক সময়ে হস্তান্তর ও টেকসই মান নিশ্চিত করার মধ্য দিয়েই এসইএল আবাসন শিল্পে নিজস্ব অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
শেষ বার্তা সময়ের শেষ বার্তা
