বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অসহায় ও দুস্থ শিশু রোগীদের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। চিকিৎসা সহায়তার অংশ হিসেবে ৪০ জন দরিদ্র শিশুর পরিবারের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদান তুলে দেওয়া হয়। এই মানবিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়ন দর্শনের ওপর আলোকপাত করেন। তিনি জানান, দেশের পিছিয়ে পড়া ও হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে চলতি বাজেটে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকার বিশাল বরাদ্দ রাখা হয়েছে। সরকার একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে বদ্ধপরিকর এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, সরকারি অনুদান যাতে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এখন থেকে নগদ অর্থের পরিবর্তে সরাসরি ব্যাংক হিসাবের মাধ্যমে অনুদান প্রদান করা হচ্ছে, যা অনিয়ম ও দুর্নীতির সুযোগ অনেকাংশে কমিয়ে আনবে। দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা, শিক্ষা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউছুফ এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতে অসহায় শিশুদের চিকিৎসায় আরও সরকারি সহায়তার আহ্বান জানান।
শেষ বার্তা সময়ের শেষ বার্তা
