Wednesday , March 25 2026
Breaking News

স্থায়ী আবাসন-সরকারি হাসপাতালের দাবি: বাসযোগ্য মিরপুর গড়ার অঙ্গীকার আমিনুল হকের

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, মিরপুর এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করা নিম্ন ও মধ্যম আয়ের মানুষ এবং উচ্ছেদ হওয়া পরিবারগুলো এখনো স্থায়ী ও নিরাপদ আবাসনের নিশ্চয়তা পায়নি, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। একই সঙ্গে রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও মিরপুরে এখনো কোনো সরকারি মেডিকেল কলেজ বা পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল না থাকায় সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, স্বাধীনতার প্রায় পঞ্চান্ন বছর পার হয়ে গেলেও এই এলাকার বিপুলসংখ্যক মানুষ আজও স্থায়ী আবাসনের নিশ্চয়তা থেকে বঞ্চিত। এটি শুধু মানবিক সংকট নয়, রাষ্ট্রের জন্যও একটি বড় ব্যর্থতা।

তিনি আরও বলেন, মিরপুরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় সরকারি মেডিকেল কলেজ কিংবা পূর্ণাঙ্গ হাসপাতাল না থাকায় সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দূরে যেতে হয়। এতে সময়, অর্থ ও জীবনের ঝুঁকি বাড়ছে।

আমিনুল হক বলেন, এই সমস্যাগুলো তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সামনে তুলে ধরছেন এই আশায় যে, তারেক রহমানের মাধ্যমে বাস্তব ও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, মিরপুরের মানুষ শান্তিতে, নিরাপদে ও মর্যাদার সঙ্গে বাঁচতে চায়। তারা উন্নয়ন চায়, ন্যায্য অধিকার চায় এবং একটি বাসযোগ্য মিরপুর চায়।

সবশেষে তিনি এলাকাবাসীর দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।

এছাড়াও

বিএনপি সরকার গঠন করলে পল্লবী এলাকায় সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *