Monday , February 9 2026
Breaking News

‘ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন’: গণ মিছিল থেকে আমিনুল হকের আহ্বান

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা বিরোধী ও নারীবিদ্বেষী শক্তিতে ভোট দিয়ে নাগরিক অধিকার নষ্ট না করার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ সময়ে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুরে আয়োজিত এক বিশাল গণমিছিলে তিনি এই আহ্বান জানান।

মিছিল শুরুর আগে ভোটারদের উদ্দেশ্যে আমিনুল হক বলেন, ভোট আপনার নাগরিক অধিকার। আপনাদের মূল্যবান ভোটটি এমন কোনো মার্কায় দেবেন না যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল এবং যারা নারীদের অসম্মান করে কথা বলেছে। আপনাদের ভোট নষ্ট করবেন না; বরং ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে সেবা করার সুযোগ দিন।

মিরপুর ১২ নম্বর সি ব্লক থেকে শুরু হওয়া এই গণমিছিলে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। মিছিলটি মিরপুর ১২ থেকে ১১ ও ১০ নম্বর হয়ে আসনের প্রতিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দুই পাশের ভবনের ছাদ ও বারান্দা থেকে সাধারণ মানুষ আমিনুল হককে হাত নেড়ে শুভেচ্ছা জানান। আমিনুল হকও ভোটারদের ভালোবাসার প্রতিদান দেন হাত নেড়ে।

দীর্ঘদিনের প্রচারণায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়ার কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, আমি পল্লবী ও রূপনগরের প্রতিটি পাড়া-মহল্লার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করেছি। ১২ই ফেব্রুয়ারি সাধারণ মানুষের ভোটে জয়ী হলে আমি প্রতিটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।

আগামীকাল ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে আমিনুল হকের এই বিশাল শোডাউন ঢাকা-১৬ আসনে ধানের শীষের পক্ষে এক বড় ধরনের গণজোয়ার সৃষ্টি করেছে বলে মনে করছেন সাধারণ মানুষ।

এছাড়াও

নির্বাচনের পরিবেশ বিঘ্নিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: আমিনুল হক

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *