নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ইসলামী সাধারণ ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও নানা উপহার সামগ্রী বিতরণ করছে। নির্বাচনী প্রচারণার ১৪ তম দিনে মিরপুর-১১ যে আদর্শ নগর এলাকায় গণসংযোগকালে তিনি এই অভিযোগ তোলেন।
জনসংযোগে আমিনুল হক দাবি করেন, সম্প্রতি শবে বরাতের সুযোগ নিয়ে জামায়াতের কর্মীরা রাতের আঁধারে মানুষের ঘরে ঘরে পোলাওয়ের চাল ও মুরগি পৌঁছে দিয়েছে। তিনি বলেন, “অসহায় মানুষকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। গতকাল শবে বরাতের আগে রাতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে খাবার ও চাল পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা সাধারণ মানুষের চোখে পড়লে তারা দৌড়ে পালিয়ে যায়।”
বক্তব্যে তিনি আরও বলেন, একটি অশুভ চক্র বিভ্রান্তিমূলক তথ্য এবং অর্থের প্রলোভন দেখিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। উস্কানিদাতা ও বিশৃঙ্খলাকারীদের বিষয়ে তিনি এবং তার সমর্থকরা সতর্ক রয়েছেন বলে জানান।
আমিনুল হক উল্লেখ করেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এই বিষয়গুলো ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। কেন্দ্রীয়ভাবেও দলের নেতৃবৃন্দ কমিশনের সঙ্গে এ বিষয়ে কথা বলছেন।
মিরপুর-১১ এর প্রতিটি অলিতে-গলিতে সাধারণ ভোটারদের কাছে নিজের ইশতেহার তুলে ধরে আমিনুল হক বলেন, “সাধারণ মানুষ এখন অনেক সচেতন। মিথ্যাচার বা প্রলোভনে তারা পা দেবে না। আমরা আগামী ১২ই ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার অপেক্ষায় আছি।”
আদর্শ নগর এলাকায় গণসংযোগের সময় বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ তার সাথে উপস্থিত ছিলেন।
শেষ বার্তা সময়ের শেষ বার্তা
